পটিয়ায় ছাইয়ের স্তূপে পাওয়া সেই নবজাতকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৫৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের পেছনে ছাইয়ের স্তুপে পাওয়া সেই নবজাতক শিশুটিকে বাঁচানো গেল না। আট ঘণ্টার প্রাণান্তকর লড়াইয়ের পর গত রোববার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব।

এর আগে রোববার বিকেল পৌনে ৪টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের পেছনে ছাইয়ের স্তূপে পড়ে থাকা অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। কান্নার শব্দ শুনে কর্তব্যরত স্টাফরা দ্রুত সেখানে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।

সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক যুবক ও এক যুবতী একটি প্যাকেটে করে নবজাতকটিকে হাসপাতালের পাশে ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডা. আবু তৈয়ব বলেন, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। ওজন কম ও অপরিণত জন্ম হওয়ায় ঝুঁকি অনেক বেশি ছিল। উদ্ধার করার পর হাসপাতালের এক স্টাফের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসার যাবতীয় ব্যয়ভার এক ব্যক্তি বহন করেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার রাত ১২টার পর এনআইসিইউতে শিশুটি মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধভোটের আগের মাসে অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধি
পরবর্তী নিবন্ধ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা