পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

এবার পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে নিশাত আমজু (২৩) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলমদারপাড়া গ্রামের আবদুস ছত্তারের নতুন বাড়ির মৃত নুরুল আমিনের কন্যা। গতকাল রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন ওই যুবতীকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া গ্রামের নুরুল আমিনের কন্যা লেখাপড়া করতো। নুরুল আমিন মারা যাওয়ার পর টানাপোড়েনে তাদের সংসার চলছে। রবিবার রাত ৯টার দিকে নিশাত আমজু ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে এ আত্মহত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আত্মহত্যার ঘটনায় ওই মহিলার লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আজ (সোমবার) সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত রবিবার রাতে পৌর সদরের কামাল বাজার এলাকায় পিতার সঙ্গে অভিমান করে আজিজুল হক হৃদয় (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধমোহনার কান্না এবং মৃনাল সেনের খারিজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজারহাট বাজারে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা