পটিয়ায় ওয়েল্ডিং মেশিনের আগুনের ফুলকি থেকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মো. জসিম উদ্দিন নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই গুদামে এ আগুন লাগে।
পটিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে ওই তুলার গুদামে একটি ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় আগুনের ফুলকি হঠাৎ তুলার স্তূপে পড়ে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গুদামের কর্মচারীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, ঝালাইয়ের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি; এ নিয়ে কাজ চলছে।












