দক্ষিণ চট্টগ্রামের বড়ো ফুটবল আসর এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬তম আসর শুরু হয়েছে। প্রথম খেলায় শুভসূচনা করেছে লোহাগাড়া উপজেলা এফএ ফুটবল টিম। গতকাল শুক্রবার পটিয়া উপজেলার জিরি খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় লোহাগাড়া ৪–১ গোলে হাটহাজারী ফরহাদাবাদ কেএসএ দলকে উড়িয়ে দেয়। বিকাল ৩টায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। খেলার শুরুর ১০ মিনিটে জিহাদের গোলে এগিয়ে যায় লোহাগাড়া উপজেলা(১–০)। এরপর প্রথমার্ধের শেষ ভাগে হাটহাজারী ফরহাদাবাদের চাইসার গোলের ১–১ গোলে খেলায় সমতায় ফিরে তারা। দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে নেমে মো. ইয়াছিনের গোলে আবারও ২–১ গোলে এগিয়ে যায় লোহাগাড়া উপজেলা। কিছু পরে আবারো গোল করে ইয়াছিন। ৩–১ ব্যবধানে এগিয়ে যায় লোহাগাড়া উপজেলা এফএ। গোল পরিশোধের কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি হাটহাজারী ফরহাদাবাদ কেএসএ। খেলার শেষের দিকে আত্মঘাতি গোলে ৪–১ এর ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে লোহাগাড়া উপজেলা এফএ ফুটবল দল। ফাউলের কারণে হাটহাজারী ফরহাদাবাদের মুন্না ও লোহাগাড়া উপজেলার শফিউলকে লাল কার্ড দেখান রেফারী বিটু রাজ বড়ুয়া। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন লোহাগাড়া উপজেলা এফএ’র জিহাদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন এবিটস এর উপদেষ্টা আব্দুল মান্নান শিমুল। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু সহ লোহাগাড়ার টিম ম্যানেজার ও এবিটস নেতৃবৃন্দ।













