পটিয়ায় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দুই দফা চোরের হানা

পটিয়া প্রতিনিধি  | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরের পোস্ট অফিস মোড়স্থ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। প্রথম দফায় গত মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য কেন্দ্রের নিচ তলায় জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোর। এ সময় ৩টি আলমারি থেকে বিভিন্ন ঔষধ, পানির পাম্প সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। পরে গতকাল বুধবার দুপুরেও ওষুধ চুরি হয় বলে জানা যায়।

এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাবলু দাশ বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে গতকাল দুপুরে মেডিকেল অফিসার বাবলু দাশ বাসা থেকে খাবার খেয়ে ফিরে এসে দেখতে পান দ্বিতীয় দফায় আবারো চোর স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে আরো বেশ কিছু ঔষধপত্র চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাবলু দাশ জানান, আগের দিন মঙ্গলবার স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখে অফিস শেষ করে তালাবদ্ধ করে দুপুরে চলে যাই। বুধবার সকালে এসে দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করেই দেখতে পায়, ভিতরের রুমের দরজার তালাগুলো ভাঙা এবং প্রতিটি রুমের জিনিসপত্রগুলো তছনছ অবস্থায়। একটি পানির পাম্প ও বেশ কিছু ঔষধপত্র ও বিভিন্ন সরঞ্জাম চোরেরা নিয়ে যায়। তবে কী পরিমাণ ঔষধ নিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

তিনি জানান, এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর ও ২৫ সালের মাঝামাঝি সময়ে একবার এ স্বাস্থ্য কেন্দ্রে চুরি হয়। সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার দুপুরে ২টার পর দুই দফায় চুরির ঘটনা ঘটে।

উল্লেখ্য, এ স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন স্টাফ রয়েছে। এরমধ্যে একজন মেডিকেল অফিসার, একজন অফিস সহায়ক ও আরেকজন মেডিকেল অফিসার রয়েছে। এর মধ্যে বর্তমানে একজন মেডিকেল অফিসার কর্মরত থাকলেও অপর দুই স্টাফ পাঁচুরিয়া ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে রয়েছেন বলে জানা যায়। পটিয়া থানার এসআই প্রদ্বীপ দাশ জানান, স্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপর্তুগালে রেস্তোরাঁয় গুলি, ৩ বাংলাদেশি আহত
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের বাজারে স্বস্তি বজায় রাখুন