পটিয়ায় প্রথমবারের মতো আয়োজিত আমজুরহাট সুপার কিংস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সোমবার রাতে অনুষ্ঠিত হয়। খেলায় কাগজীপাড়া ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব আমজুর হাট প্রাণ ফকির স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে আমজুর হাট প্রাণ ফকির স্পোর্টিং ক্লাব সংগ্রহ করে ৩৯ রান। শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে নির্ধারিত ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কাগজীপাড়া ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের মফিজুর রহমান মেহেদী নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, জিল্লুর রহমান, আবদুল মাবুদ, ইব্রাহিম মির্জা, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি শওকত আলী, মুফিজুর রহমান, আবু তৈয়ব, মো. ফোরকান, মো. আব্দুল আজিজ প্রমুখ। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন মো. আনিসুল ইসলাম ও আবু মারুফ রাব্বি। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।












