নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করার অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা, দুর্গন্ধময় ফ্রিজে খাবার রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।











