মানুষ জন্মগতভাবে সামাজিক প্রাণী। তার ব্যক্তিত্ব, চিন্তা–চেতনা ও মূল্যবোধ গড়ে ওঠে পরিবার, সমাজ ও পরিবেশের সম্মিলিত প্রভাবে। তবে এই গড়ে ওঠার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো পরিবার। তাই বলা যায়–নৈতিক শিক্ষার প্রকৃত সূচনা হওয়া উচিত পরিবার থেকেই। শিশু যখন জন্ম নেয়, তখন সে সাদা কাগজের মতো নিষ্পাপ। তার ভালো–মন্দ বোঝার ক্ষমতা থাকে না। এই অবস্থায় বাবা–মা, দাদা–দাদি কিংবা পরিবারের অন্য সদস্যরাই তার প্রথম শিক্ষক। তারা যেমন আচরণ করেন, শিশুও তেমনই অনুকরণ করে। যদি পরিবারে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় থাকে, তবে শিশুর মধ্যেও এই গুণগুলো সহজেই বিকশিত হয়। অন্যদিকে, পরিবারে যদি অসততা, রূঢ়তা বা অবহেলা থাকে, তবে শিশুর মনোজগতে তার নেতিবাচক প্রভাব পড়ে।
নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মূল্যবোধ গড়ে তোলা। যেমন–সত্য কথা বলা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। এসব শিক্ষা কোনো বই পড়ে পুরোপুরি অর্জন করা সম্ভব নয়; বরং বাস্তব জীবনের আচরণের মাধ্যমে তা শেখা যায়। পরিবার এই বাস্তব শিক্ষার সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র। প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন খাবার ভাগাভাগি করা, ভুল করলে ক্ষমা চাওয়া, কিংবা অন্যের সাহায্যে এগিয়ে আসা–এসবই শিশুর নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, প্রযুক্তির এই যুগে শিশুরা বিভিন্ন মাধ্যমে সহজেই নানা ধরনের তথ্য ও প্রভাবের সংস্পর্শে আসছে। এর মধ্যে অনেক কিছুই তাদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে পরিবারই পারে তাদের সঠিক পথনির্দেশনা দিতে। বাবা–মার সচেতনতা, সময় দেওয়া এবং সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা–এসবই শিশুকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে।
সবশেষে বলা যায়, একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই শিক্ষার বীজ বপন করতে হবে পরিবারেই। পরিবার যদি শিশুকে সঠিক মূল্যবোধে গড়ে তোলে, তবে সে ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারবে। তাই আমাদের সবারই উচিত–নৈতিক শিক্ষার শুরুটা পরিবার থেকেই নিশ্চিত করা।











