নেপালে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র‌্যাপার-মেয়র বালেন্দ্র শাহ

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নেপালে তরুণদের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বরে হওয়া অভ্যুত্থানে ৭৭ জন নিহত ও তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর র‌্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ ভক্তের উদ্দেশ্যে স্বল্প ভাষায় সোজাসাপ্টা এক বার্তা দিয়েছিলেন। ‘প্রিয় জেনজি, তোমাদের হত্যাকারীর পদত্যাগ এসেছে। এখন তোমাদের প্রজন্মকে দেশের নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত হও,’ বালেন নামে বেশি পরিচিত ৩৫ বছর বয়সী কাঠমান্ডুর মেয়র তখন এমনটাই লিখেছিলেন। তার পাঁচ মাস পর, ২০২২ সালে রাজধানীর মেয়র হয়ে রাজনীতির মঞ্চে হাতেখড়ি নেওয়া সেই বালেন্দ্রকেই এখন আগামী ৫ মার্চ হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী মনে হচ্ছে। খবর বিডিনিউজের।

নেপালে এমন কোনো জনমত জরিপ নেই যার ওপর আস্থা রাখা যায়। তবে চারজন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় গণমাধ্যমগুলো দেশটির চিরাচরিত রাজনৈতিক অভিজাতদের একপাশে ঠেলে দিয়ে বালেনকেই প্রধানমন্ত্রী পদে এগিয়ে রাখছে। ‘বালেন শাহ এতই জনপ্রিয় যে কাঠমান্ডুতে আসা অনেক বাসের গায়ে বালেনের শহরে যাচ্ছি লেখা স্টিকার থাকে,’ বলেছেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবিধানিক আইন বিশেষজ্ঞ বিপীন অধিকারী। শেষ পর্যন্ত বালেন শাহ যদি ক্ষমতায় বসতে পারেন, তাহলে সেটা হবে এমন এক মানুষের নাটকীয় উত্থান যিনি প্রতিষ্ঠানবিরোধী র‌্যাপ গানের মাধ্যমে মানুষের দৃষ্টি কেড়ে পরে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতির উচ্চাসনে পৌঁছেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসীমান্তে পাকিস্তান-আফগান বাহিনীর গুলি বিনিময়