নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মালদ্বীপে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব২০ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে এখন উড়ছেন আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। দুই ম্যাচে দুই গোল আর এক অ্যাসিস্ট করে ইতোমধ্যেই তিনি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে। ১ এপ্রিল নেপালের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে রোনান স্পষ্ট জানান, এবার লক্ষ্য জোড়া গোল। গতকাল অনুশীলন শেষে বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই।’ নেপালের জন্য বিশেষ কোনো ভাবনা রয়েছে কি না প্রশ্নের জবাবে রোনান বলেন, ‘দুই গোল মনে করি সঠিক হবে।’ রোনানকে নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে আগ্রহ প্রচুর। ফুটবলপ্রেমীরা তার সম্পর্কে অনেক জানতে চায়। গত পরশু ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। আগের দিন ছিল রিকভারি সেশন। গতকাল অনুশীলনে ফিরেছে দল। বাংলাদেশ অ২০ দলের আরেক ফুটবলার চন্দন রায় বলেন, ‘আমরা মানসিকভাবে ফিট রয়েছি। সেমিফাইনালের আগে আরেকটি সেশন করে আমরা খেলব।’ পহেলা এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল পর্বের ম্যাচ। অন্য সেমিফাইনাল ম্যাচে লড়বে ভারত ও ভুটান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আইপিএল সমপ্রচারের চুক্তি বাতিল
পরবর্তী নিবন্ধশেষটা জয়ে রাঙাতে আশাবাদী ক্যাবরেরা