নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

বিভিন্ন স্থানে বিক্ষোভ

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

মাস ছয়েক আগে নেপালে তরুণরা যে সরকারবিরোধী বিক্ষোভ করেছিল, তাতে প্রাণঘাতী দমন অভিযান পরিচালনার অভিযোগে তখনকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানের সময় সেখানে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে পুলিশের গুলিতে নিহত অনেক বিক্ষোভকারী রয়েছেন। সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি নিয়ে এ আন্দোলন শুরু হলেও এর পেছনে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক অবস্থার প্রতি দীর্ঘদিনের ক্ষোভ কাজ করেছিল। খবর বিডিনিউজের।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এ দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো।

অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয় পাওয়া র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন শাহ (৩৫) প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরদিনই এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেন, তাদের সকালে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ৭৪ বছর বয়সি অলি এবং ৬২ বছর বয়সি লেখকের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ওই প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের সুপারিশ করা হয়েছিল। ওলি অন্নপূর্ণা পোস্টকে বলেছিলেন, এগুলো চরিত্রহনন ও ঘৃণার রাজনীতি।

গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ ইনস্টাগ্রামে লিখেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা।

নেপালের বিভিন্ন স্থানে বিক্ষোভ : গতকাল ভোরে নিজ বাসভবন থেকে কেপি শর্মা ওলিকে হেফাজতে নেয় পুলিশ। তবে গ্রেফতারের পরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৭৪ বছর বয়সী এই নেতাকে কাঠমান্ডুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওলিকে গ্রেফতারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ রোগীদের ভরসার স্থল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল