ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ইফতারের আগ মূহুর্তে চট্টগ্রাম–ফটিকছড়ি সড়কের পেলাগাজি দীঘির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে বোয়ালখালী যাচ্ছিল। পথিমধ্যে ফটিকছড়িতে পেলাগাজি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এতে বাসটি গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এবং মোটরসাইকেলের ৪ জন আরোহী বাসের নিচে চাপা পড়েন। এ সময় তাদের মধ্যে ৩ জন মারা যান। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের উরাং পাড়া এলাকার নয়ন (১৬), তপু (১৬) ও উত্তম (১৯)। তারা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় পুইন্নে ত্রিপুরা নামের আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর। তিনি চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়ক ফটিকছড়িতে প্রশ্বস্তকরণের ব্যাপারে জোর দাবি জানান একই সাথে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ৫ হাজার টাকা সহযোগিতা করার পাশাপাশি তাদের সকল ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করেন।
ফটিকছড়ি ট্রাফিক ইনচার্জ টিআই মফিজ উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৩টি লাশ উদ্ধার করা হয়েছে।












