ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেত্রী ডেলসি রদ্রিগেজ তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে তিনি এই আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ডিসেম্বরে ভেনেজুয়েলাগামী এবং ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা তেলবাহী জাহাজগুলোর ওপর ‘অবরোধ’ জারির নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া কারাকাসের বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপরও নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর বাসসের।
এর আগে গত ৩ জানুয়ারি এক দুঃসাহসিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন স্পেশাল ফোর্সেস। এরপর ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি করতে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার ওপর জারি করা অবরোধ ও নিষেধাজ্ঞা এখনই শেষ হোক। প্রেসিডেন্ট ট্রাম্প, বন্ধু ও অংশীদার হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।’












