নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যায় না : আইজিপি

চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবরের মধ্যে দলটির তৎপরতা চলতে না দেওয়ার কথা বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নিতে হবে। গতকাল রোববার বিকালে পুলিশ সদর দপ্তরে এক সভায় আইজিপি এমন নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় ইউনিট প্রধানদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। খবর বিডিনিউজের।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে তাদের সারা দেশের কার্যালয়গুলো তালাবদ্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড। এর মধ্যে গেল বছরের ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় ঘিরে মিছিল দিতে দেখা যায়। কোথাও পতাকা উত্তোলনের পাশাপাশি কার্যালয় খোলার ঘটনার মধ্যে আইজিপি এমন নির্দেশনা দিলেন।

গতকালের সভায় আইজিপি বাহারুল চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পূর্ববর্তী নিবন্ধইফতার : রোজাদারের নিরন্ন মুখে সন্ধ্যায় হাসির ঝিলিক
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম হবে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট