নির্মাণের তিন মাস না যেতেই ধসে গেল সড়কের গার্ডওয়াল

রাউজানের সর্তা খাল

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাউজানের চিকদাইরকালাচাঁন বাজার সড়ক (আকবর শাহ সড়ক) রক্ষায় সর্তা খালের পাড়ে দেয়া প্রতিরক্ষা দেয়ালটি ধসে পড়েছে। কাজে অনিয়মের কারণে নির্মাণের দুই মাসের মধ্যে দেয়ালটি ধসে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

২০২৪২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্পে এই সড়কটির উন্নয়নে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল গালফ কনট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কাজের কার্যাদেশ পেয়ে চুক্তিতে উপঠিকাদারের হাতে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়। এ দায়িত্ব পায় রাউজানের বিনাজুরীর রাজিব চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, উপঠিকাদার রাজিব চৌধুরী কাজ শেষ করতে গিয়ে দুর্নীতির আশ্রয় নেয়। তিনি কাজের সিডিউলের তোয়াক্কা না করে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে চলে যায়। দুই মাসের মধ্যে খালের কিনারায় দেয়া প্রতিরক্ষা দেয়ালটি ধসে পড়ে। খালের ভিতর দেয়ালটি ধসে পড়ায় এখন সড়কটিও ধসে পড়ার হুমকির মধ্যে রয়েছে। বৃষ্টি হলে খালের ভিতর সড়কটি ধসে পড়বে।

এ বিষয়ে উপঠিকাদার রাজিব চৌধুরী বলেন, খালের পানির স্রোতে দেয়ালটি ধসে গেছে। এই গার্ডওয়ালের জন্য বরাদ্দ ছিল ৩০ লাখ টাকা। ধসে পড়া গার্ডওয়ালের জন্য প্রকৌশল বিভাগ প্রকল্পের এক কোটি টাকা আটকে দিয়েছে।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, স্রোতের কারণে গার্ডওয়ালটি ধসে গেছে। গার্ডওয়াল ধসের ঘটনায় ঠিকাদারের বিল আটকে দেয়া হয়েছে। ধসে যাওয়া গার্ডওয়ালটি মজবুত ভিত্তিতে পুননির্মাণের জন্য ঠেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ
পরবর্তী নিবন্ধইবি শিক্ষক রুনার দাফন, তিন সহকর্মী ও কর্মচারীর নামে হত্যা মামলা