নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান ইসলামী ফ্রন্ট মহাসচিব সামাদের

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ। এসময় তিনি অভিযোগ করেন, বৃহত্তর সুন্নি জোটের পক্ষভুক্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্বাচনী প্রচারণায় গণমানুষের ব্যাপক অংশগ্রহণ ও জনসমর্থন দেখে প্রতিদ্বন্দ্বী কথিত প্রভাবশালী প্রার্থীদের ঘুম হারাম হয়েছে, তারা উপায় না পেয়ে এখন সমাজে বিদ্বেষ ও হিংসা ছড়াচ্ছে।

তারা প্রার্থীর সমর্থক, ইসলামী ফ্রন্ট ও ছাত্র সেনার কর্মী এমনকি সাধারণ ভোটার ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখাচ্ছে। গতকাল বুধবার বিকালে নগরীর চেরাগী পাহাড়স্থ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মহাসচিব এ অভিযোগ করেন। তিনি হুমকিদাতাদের ব্যাপারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। একই সাথে ভোটারদের কুচক্রী মহলের যেকোনো ষড়যন্ত্র, উস্কানি ও হুমকিকে প্রশ্রয় না দিয়ে ভোটকেন্দ্র গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি রাউজান, রাঙ্গুনিয়া আনোয়ার চন্দনাইশ ও পটিয়ায় নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এনামুল হক সিদ্দিকী, নাসিরুদ্দিন মাহমুদ, অধ্যাপক ইউনুস তৈয়বী, এম. মহিউল আলম চৌধুরী, মাওলানা আবদুন্নবী আলকাদেরী, নুরে রায়হান চৌধুরী, ছাত্রনেতা ফরহাদুল ইসলাম, আরমান, আলম রেজা, আবরার সকরকন্দি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মাদকসহ কৃষকদল নেতা আটক
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে নির্বাচনী সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান প্রিসাইডিং কর্মকর্তা