নির্ভয়ে, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন

আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নওফেল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজা করার আহ্বান জানিয়ে বলেন, উৎসবমুখর পরিবেশে আপনারা পূজা করুন। মায়ের কাছ প্রার্থনা করুন শেখ হাসিনার জন্য। গতকাল শুক্রবার নগরীর লাভলেইন সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ২১নং জামালখান ওয়ার্ডের ১৫টি পূজা উদযাপন পরিষদকে আর্থিক সহায়তা প্রদান এবং আন্দরকিল্লা ওয়ার্ডে সনাতনী সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর পক্ষে থেকে শারদ উপহার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ছাত্রলীগের সাবেক উপসমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে বস্ত্র বিতরণ : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম(কোতোয়ালী, বাকলিয়া) আসনের অর্ন্তগত ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে এক হাজার নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন এ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শুক্রবার বিকেলে নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ী শুকলাল ধরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম ও রুমকী সেনগুপ্ত, মোহাম্মদ সালাউদ্দিন, জাকারিয়া দস্তগীর, প্রনব ধর এবং বলরাম চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ ফোরাম চট্টগ্রামের কার্যকরী কমিটির সভা
পরবর্তী নিবন্ধমহাসড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট তরুণী