চট্টগ্রাম–৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, চট্টগ্রামের ব্যবসা–বাণিজ্যের প্রাণকেন্দ্র হচ্ছে চাক্তাই–খাতুনগঞ্জ এলাকা। যে এলাকার বাণিজ্যিক গুরুত্ব দেশের সর্বত্র। যেখান থেকে দেশের প্রায় সর্বপ্রকার বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উক্ত এলাকায় বিভিন্ন মাফিয়ারা নানা চাতুর্যতায় শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে এহেন বাণিজ্যিক স্থানের ঐতিহ্যকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিপতিত করেছে। ফলে অত্র এলাকার বাণিজ্যিক জৌলুস অনেকটা ম্লান হয়ে গেছে। তাই নির্বাচিত হলে চাক্তাই–খাতুনগঞ্জের অতীতের জৌলুস ফিরিয়ে আনাসহ নিরবচ্ছিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন বলে অঙ্গিকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাঁকে তাঁর চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। গত মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম–৯ আসনের চাক্তাই–খাতুনগঞ্জ এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আব্দুল করিম তারেক, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সোলায়মান, মাওলানা গোলাম আবেদ চিশতী, এস এম আবু সাদেক সিটু, মোঃ শাহজাহান, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ সাঈদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












