নির্বাচন সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে

নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রাজধানী থেকে গ্রামগঞ্জ, শ্রমিক, রিকশাচালক, দিনমজুর, দোকানদার, ব্যবসায়ী, ব্যাংকার ও ছাত্রসমাজ সবার মুখে এখন একটাই উচ্চারণ, আমরা পরিবর্তন চাই। গতকাল শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে নারী ভোটারদের হিজাব খুলে নেওয়ার হুমকি, শারীরিক নির্যাতন, সভামিটিংয়ে হামলা এবং পীরমুরুব্বিদের হত্যার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে জনগণ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহার করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগি সন্ত্রাসী যারা কারাগারে ছিল, যারা লুকিয়ে ছিল তাদের বের করে আনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব সন্ত্রাসীদের একত্রিত করে অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে মিলিয়ে নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। কালো টাকা পানির মতো ঢালা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

পরে তিনি দামোর কারিকরপাড়া ও ইস্টার্ন গেটে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফের প্রতীকের ভোট প্রার্থনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণই তার উত্তর দিবে
পরবর্তী নিবন্ধআজ মহানগরী ১১ দলের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোড শো