ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ইউনিট কার্যনির্বাহী কমিটির সার্বিক সহযোগিতায় জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জেলা ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দুটি বিশেষায়িত জরুরি সেবা দল গঠন করা হয়েছে। আদার সিচুয়েশন অব ভায়োলেন্স (ওএসভি) কার্যক্রমের আওতায় এসব দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে। দলগুলো আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে স্থানান্তরের দায়িত্ব পালন করে।
নির্বাচনকালীন সময়ে চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলায় দুর্ঘটনা ও সহিংসতায় আহত বিভিন্ন বয়সী নারী ও পুরুষসহ মোট ৭ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়। কার্যক্রমে চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান কৃষ্ণ দাশের নেতৃত্বে দুটি দল উত্তর ও দক্ষিণ জেলার ১২টি উপজেলায় ১৬ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।









