আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম মহানগরী পুলিশের ব্রিফিং প্যারেড গতকাল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত প্যারেডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করা হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











