মহানগরী থানা জামায়াতের দায়িত্বশীল বৈঠক গত ৭ জানুয়ারি মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, দেশে বারবার পাতানো ও একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হলে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা সময়ের অপরিহার্য দাবি।
হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে দায়িত্বশীল বৈঠকে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
প্রধান বক্তা মুহাম্মদ নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এতে আরও বক্তব্য দেন, মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মকবুল আহমদ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












