অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গত রবিবার সীতাকুণ্ডের ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গণভোট কর্নার উদ্বোধন শেষে ডিসি পার্ক ফুল উৎসব পরিদর্শন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনে জনগণের আস্থা বাড়াতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীতাকুণ্ডে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড মডেল থানায় আসলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রসহ আরো অন্যান্য ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেসহ বিদ্যালয়ের শিক্ষকরা। এদিন দুপুরে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সাব রেজিস্ট্রার রায়হান হাবিব। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।












