ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার ইসির উপ–সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসর্টি) ভোটকেন্দ্রে সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন। তিনি কোনোকিছু না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন; যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫ (১) অনুযায়ী অসদাচরণ। এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫ (৩) ধারা অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
রাঙামাটি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, অব্যাহতি দেওয়া ব্যক্তি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিলাইছড়ি উপজেলার মাঠ কর্মকর্তা। কী কারণে দায়িত্ব পালন করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না। রিটানিং অফিসার বা সহকারী রিটানিং অফিসার এটা বলতে পারবে।












