নির্বাচনের পরের দিন নগরে প্রায় ৫০০ মোটরসাইকেল আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে গতকাল নগরীতে প্রায় পাঁচশ মোটরসাইকেল আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগরী পুলিশের ট্রাফিক বিভাগ এসব মোটরসাইকেল আটক করে। ট্রাফিক বিভাগের চারটি ইউনিট গতকাল দিনভর বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল আটক করে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যায়। নির্বাচনের কারণে গতকাল মধ্যরাত পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল সোমবার সকাল থেকেই অননুমোদিতভাবে প্রচুর মোটরসাইকেল রাস্তায় নামে। পুলিশ সবগুলো মোটরসাইকেলই আটক করেছে। তবে সাংবাদিকসহ যাদের মোটরসাইকেল চালানোর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে সেগুলো আটক করা হয়নি।

ট্রাফিক বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল চলাচলে আর কোনো বাধা নেই। তবে সোমবার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। তাই মোটরসাইকেলগুলো আটক করা হয়েছে। এসব গাড়ি আজ (মঙ্গলবার) প্রয়োজনীয় কাগজপত্র দেখালে ছেড়ে দেয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।

নগর ট্রাফিক পুুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন গতরাতে দৈনিক আজাদীকে জানান, ট্রাফিক (উত্তর) বিভাগে সর্বমোট ৮৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এগুলো প্রয়োজনীয় কাগজপত্র দেখালে আজ ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান।

একইভাবে নগরীর অপর তিনটি ট্রাফিক ভিভাগেও মোটরসাইকেল আটক করা হয়েছে। যেগুলো আজ সকালে ছেড়ে দেয়া হবে। তবে যেসব গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ‘অবরোধের নামে’ কাটা হচ্ছে সড়কের পাশের গাছ
পরবর্তী নিবন্ধসুশৃঙ্খল নির্বাচনে ভূয়সী প্রশংসা জাপানের