নির্বাচনের দিন পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত

বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার অফিসার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর, মেজর শাতিল, মেজর তানজিম, মেজর সাআদাত বিজিবির দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, র‌্যাবএর প্রতিনিধি এবং একাধিক গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে নির্বাচনের দিন সকল ভোটকেন্দ্রসহ পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার সমন্বিত ভূমিকার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি ১১২টি ভোটকেন্দ্রের ৭২০টি কক্ষের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধআমীর খসরুকে ভোট দিয়ে বিজয়ী করুন
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত