আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির ২০ প্লাটুন সদস্য ৭টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সন্দেহজনক যেকোনো ধরনের যানবাহন এবং যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবে।
৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ জানান, ২০ প্লাটুন বিজিবি সদস্য রাঙামাটি জেলার ৫টি উপজেলা এবং চট্টগ্রমের ২টি উপজেলায় দায়িত্ব পালন করছে। উপজেলাগুলো হলো কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি, বিলাইছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া। এই ৭ উপজেলায় ২৬৭টি ভোট কেন্দ্র রয়েছে। বিজিবি সদস্যরা প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সড়কে টহল অব্যাহত রেখেছে। টহলের সময় ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ভোট কেন্দ্রে এবং আশেপাশে কেউ কোনো ধরনের নাশকতা করছে কিনা অথবা ভোটের প্রচারনায় কেউ প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা এসব পর্যবেক্ষণে রাখছেন বিজিবি সদস্যরা।
২৬৭ ভোট কেন্দ্রের প্রতিটিকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে ৪১ বিজিবি অধিনায়ক জানান। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হবার পরও বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।












