ঢাকায় সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজ শিক্ষার্থীর প্রাণ হারানোর ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়ক এবং হাফ পাসের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে নগরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওয়াসার মোড়ে সড়কে অবস্থান নেয় তারা। এ সময় শিক্ষার্থীরা নানা ধরণের প্লেকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগান দেয়। পরে পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবিও তোলে। শিক্ষার্থীসহ সকল সড়ক হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করা, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত ও পর্যাপ্ত ফুটওভার ব্রিজসহ সড়ক নিরাপদ করা, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণের ব্যবস্থা করা, ট্রাফিক আইন যথাযথ প্রয়োগ করা ও ট্রাফিক আইন সচেতনতামূলক বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করার দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের বিষয়ে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে ওয়াসার মোড়ে কিছু শিক্ষার্থী রাস্তায় স্লোগান দিয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এ সময় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে জানানোর আশ্বাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে স্থান ত্যাগ করে।











