নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ নানা দাবি

উপাচার্যকে চবি ছাত্রদলের স্মারকলিপি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীবান্ধব, নিরাপদ, বৈষম্যহীন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গত মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দেড় বছরে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের মতে, একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় তাদের চাহিদা ও প্রত্যাশা আরও বেড়েছে।

ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রশাসন অতীতের ব্যর্থতা কাটিয়ে একটি আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বগি সংযোজন, নতুন আবাসিক হল নির্মাণ ও বিদ্যমান হলগুলোর সংস্কার, সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার বিচার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, ক্যাম্পাসজুড়ে উন্মুক্ত ওয়াইফাই সুবিধা চালু এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যানিং সুবিধা নিশ্চিত করা।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যেন কোনো গোষ্ঠীর মুখপাত্র না হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের পরিবার এবং আহত শিক্ষার্থীদের পুনর্বাসনের দাবিও জানানো হয়।

ছাত্রদল চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা ও সরঞ্জামসহ নিজের বাড়ি থেকে ১ ব্যক্তিকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইসলামের প্রসারে পীর বদর আউলিয়ার (রহ.) অবদান অবিস্মরণীয়