হরমুজ প্রণালিতে ইরানের আক্রমণ ও জাহাজ চলাচলে স্থবিরতার মধ্যে ভারতের দুটি এলপিজি ট্যাংকার চ্যানেলটি নিরাপদে অতিক্রম করেছে। ট্যাংকার দুটি এখন ভারতের দিকে যাচ্ছে। ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে অভিন্ন স্বার্থে বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এলো। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এই জলপথ অতিক্রমকারী যেকোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হুমকির ফলে ওই পথে জাহাজ চলাচল কমে গেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামও অনেক বেড়ে গেছে।












