নিউমোনিয়া, মুখের ঘা নিয়ে কক্সবাজারে আরেক শিশুর মৃত্যু

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ ধরনের দুই শিশুর মৃত্যু হল। গতকাল বুধবার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী শিশু ইরা মারা যায়। সে মহেশখালী উপজেলার বাসিন্দা ছিল। ৩০ মার্চ থেকে সে হাসপাতালে ভর্তি ছিল। খবর বিডিনিউজের।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল আলম জানান, মৃত দুই শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তিনি বলেন, আজ যে শিশুটি মারা গেছে, তার মুখে ঘা ছিল। এ কারণে সে স্বাভাবিকভাবে খাবার খেতে পারছিল না। তাকে নলের মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অভিভাবক নল ব্যবহার না করে মুখে খাবার দেওয়ার চেষ্টা করলে তা নাকমুখ দিয়ে উঠে গিয়ে শ্বাসকষ্ট তৈরি হয়, এরপরই তার মৃত্যু হয়। শহিদুল জানান, নিউমোনিয়ার পাশাপাশি মুখে ঘা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তোলে।

এদিকে, কঙবাজার সদর হাসপাতালে এখন হামের উপসর্গ নিয়ে ২৮ শিশু ভর্তি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের ‘যুদ্ধবিরতি দাবি’ প্রত্যাখ্যান ইরানের, ছয় মাস লড়াইয়ের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধএপ্রিলের প্রথম সপ্তাহে তেলের আরও দুটি চালান আসছে : বিপিসি