নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয় গতকাল শনিবার দুপুরে। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের গড়া প্রথম দল এটিই। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন অন্য তিন নির্বাচক হাসিবুল হোসেন, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরিও। সবশেষ সিরিজে পাকিস্তানকে হারানো স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হোসেন ফিরে আসবেন এই সিরিজে খেলতে। আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। দল নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখা ও পর্যাপ্ত সুযোগ দেওয়ার নীতির এই কারণেই সাইফ–আফিফকে দলে রেখে দেওয়া হয়েছে বলে জানান হাবিবুল। সিরিজটি খেলতে সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে আগামী শুক্রবার, পরেরটি রোববার। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।













