না ফেরার দেশে ব্যান্ডশিল্পী দস্তগীর হক

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক মারা গেছেন। গতকাল বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দস্তগীর হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাসাব হক। তিনি বলেন, বাবার কিডনি ও হার্টে সমস্যাসহ নানা শারীরিক জটিলতা ছিল। কিডনির ডায়ালাইসিস চলছিল দীর্ঘদিন ধরে। ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, সকালে মারা যান। খবর বিডিনিউজের।

কিছুদিন আগে দস্তগীর হক যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনো কথা হয়েছিল মাসাব হকের সঙ্গে। সে সময় তিনি বলেছিলেন, ডিসেম্বরে তার বাবার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আইসিইউতে ভর্তি ছিলেন ২১ ডিসেম্বর। ৫ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। তারপর জানুয়ারির মাঝামাঝিতে আবারও অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হন।

মাসাব হক জানান, গতকাল বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে দস্তগীর হকের জানাজা হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৭২ সালে যাত্রা করা ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ডসংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দস্তগীর হক প্রথম বাংলাদেশি গিটারবাদক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পাওয়া নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচিত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানকে হারিয়ে ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধরাজনীতি, প্রেম ও নির্বাচনের গল্প ‘ঢাকা ২৬’