নাসিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকার কাছে হারলো নোয়াখালী

ক্রীড়া প্রতিবেদক  | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

বিপিএলে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এক্সপ্রেস একটি ম্যাচও জেতেনি। গতকাল লিগ টেবিলের তলানীর দুই দলের মুখোমুখি লড়াইয়ে নোয়াখালীর সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো তারা। নোয়াখালী এক্সপ্রেসকে টানা ৫ম হারের স্বাদ দিলো ঢাকা ক্যাপিটালস। হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। নোয়াখালীর করা ১৩৩ রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে ৩৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে নোয়াখালী। জবাবে ৩৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ঢাকার। ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। কিন্তু দলের ওপর চাপ পড়ার সুযোগ দেননি দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাসির হোসেন। পাওয়ার প্লেতে ব্যাট হাতে ক্রিজে ঝড় তুলেন তিনি। প্রথম ছয় ওভারে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয় ৬৪ রান। এর মাঝেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন নাসির। ফিফটি করতে মাত্র ২১ বল খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তাতেই হয়েছে রেকর্ড। এবারের আসরে এটাই দ্রুততম ফিফটি। এর আগে রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের কাইল মেয়ার্সের অধীনে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ২৩ বলে অর্ধশতক করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির। মাত্র ৫০ বলে ৯০ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ২৯ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী। বরাবরের মতোই শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৪০ রানের মাথায় হারায় প্রথম পাঁচ ব্যাটারকে। ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে দলকে মোটামুটি একটা স্কোর এনে দেন অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবী। এসময় দুজন মিলে গড়েন ৯০ রানের জুটি। ৩৬ বলে ৪৭ রান করেন হায়দার। আর ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন নবী। এছাড়া ১৯ বলে ২৪ রান আসে মাজ সাদাকাতের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ঢাকা ক্যাপিটালসের হয়ে একটি করে উইকেট নেন ছয়জন বোলার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন