নাসিরাবাদে ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর নাসিরাবাদ এলাকা থেকে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ১৫ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগ সংশ্লিষ্ট জমিগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সম্পত্তি নেছার আহমদ নামের এক অবাঙালির। বাংলাদেশ সরকারের নামে তা ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। সেই
জমি নিয়ে ভূমি আপিল বোর্ড সরকার পক্ষে রায় দেয়। রায়ের পরও ভূমিদস্যু চক্র ওই জায়গায় স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে উক্ত জমি উদ্ধার করি এবং অবৈধ নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিই।
কয়েক দিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধ‘অন্যায্য’ গৃহকর প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি
পরবর্তী নিবন্ধমিয়ানমারকে ফায়দা লুটতে দেব না রাষ্ট্রদূতদের ডেকে জানাল ঢাকা