নগরীর কদমতলী মোড় এলাকায় নালার মধ্যে আটকে থাকা দীর্ঘদিনের ময়লা–আবর্জনা থেকে সৃষ্ট গ্যাস বের হতে না পেরে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জান সুপার মার্কেটের বিপরীতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ৩০ থেকে ৪০ হাত নালার স্ল্যাব ফেটে গেছে। বিস্ফোরণের পরপর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–কেজিডিসিএলের একটি কারিগরি দল, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং সদরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
স্থানীয় বাসিন্দা ও ক্রীড়া সংগঠক মো. নাসির মিয়া জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ আমাদের বিল্ডিংয়ের সামনের জান সুপার মার্কেটের বিপরীতে বিকট শব্দে নালার স্ল্যাব ফেটে যায়। এতে করে স্থানীয় বাসিন্দা, দোকানদার এবং পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এবং সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাসের লোকজন এসে দেখেছেন। সিটি কর্পোরেশন নালার কাজ করার সময় নালার ময়লা–আবর্জনার গ্যাস বের হওয়ার কোনো পথ না রাখায় দীর্ঘদিন ময়লা ও গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানান তিনি।
কদমতলী মোড়ে কয়েকজন ব্যক্তি বলেছেন, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে স্ল্যাব ভেঙে যায়। তাতে পাথর ছিটকে কয়েকজনের পায়ে লেগে সামান্য আহত হয়েছেন। এ সময় বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েকশ ফুট স্ল্যাবে ফাটল ধরে। ঘটনাস্থলে যাওয়া সদরঘাট থানার এসআই হিরক সিনহা আজাদীকে বলেন, বিকাল সাড়ে ৪টা নাগাদ কদমতলী এলাকায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ওসি স্যার, তদন্ত স্যারসহ আমরা গিয়েছি। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও কর্ণফুলী গ্যাসের লোকজনও এসেছে। দেখি ৩০ হাতের মতো ড্রেনের স্ল্যাব ফেটে গেছে। ওইখানে ড্রেন যেটা আছে সেটা বন্ধ ছিল। ড্রেনের কাজ করার সময় ড্রেনের ময়লা–আবর্জনা থেকে সৃষ্ট হওয়া গ্যাস বের হওয়ার মতো ভেন্টিলেটর বা ছিদ্র ছিল না। নালার গ্যাস দীর্ঘদিন বের হতে না পেরে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিস এবং কর্ণফুলী গ্যাসের লোকজন নালায় নেমে গ্যাসের লাইন চেক করে দেখেছেন। তারা বলেছেন, তাদের গ্যাসের লাইন ঠিক আছে। এখানে গ্যাসের লাইনের কোনো সমস্যা হয়নি।
এই ঘটনার পর সিটি কর্পোরেশনের লোকজনকে নালার আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে।














