লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নারী শিক্ষার উন্নয়ন হলেই দেশ এগিয়ে যাবে। অন্যথায় জাতি পিছিয়ে পড়বে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে সততা ও নিয়মানুবর্তিতা। কোনো অবস্থায় নীতি বিসর্জন দেওয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি সমপ্রতি বিজ্ঞান মেলায় এই কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করায় তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মো. ইউনুছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক সিরাজউদ্দোলা। এর আগে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তকি উদ্দিন ছবকি, অধ্যাপক খায়রুজ্জামান, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, অধ্যাপক ড. রফিকুল আলম চৌধুরী, ইন্দিরা চৌধুরী, তাহমিনা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।














