লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া শাহ্ আব্দুল জব্বার (রাহ.) আদর্শ মহিলা দাখিল মাদরাসা ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিল শনিবার রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর (মা.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের অবশ্যই যোগ্য ‘দায়ী ইলাল্লাহ’ (আল্লাহর দিকে আহ্বানকারী) হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন ইলমে দ্বীন অর্জন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আমল ও কথার মিল এবং সামাজিক সচেতনতা অর্জন করা। মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন–হাদিসের আলোকে সমাজকে সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের মাধ্যমে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে এবং কোরআন, হাদিস, ফিকহ ও আরবি ব্যাকরণের সাথে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞান অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) আশাবাদ ব্যক্ত করে বলেন, মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘মাদরাসাতুল উলা’ বা প্রথম শিক্ষালয় হিসেবে আদর্শ মায়ের ভূমিকা পালন করবে। সন্তানদের ঈমানি চেতনা, নৈতিকতা, ধৈর্য এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত করে একটি যোগ্য জাতি গঠনে একজন আদর্শ মায়ের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে সেটি নির্ভর করে একজন মা তার সন্তানের জন্য কেমন ভূমিকা রেখেছেন–তার উপর। রাহবারে বায়তুশ শরফ নারী শিক্ষার্থীদের হযরত খাদিজা (রা) ও হযরত আয়েশা (রা)-এর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানিয়ে বলেন, খাদিজা (রা) থেকে ত্যাগ, সততা ও সহায়তার পাঠ এবং আয়েশা (রা) থেকে জ্ঞান অর্জন ও হাদিস চর্চার শিক্ষা নিয়ে তারা আদর্শ উম্মাহ হিসেবে গড়ে উঠতে পারে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী, বড়হাতিয়া এশাতুল উলূম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাইদ চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ সিরাজুল হক নদভী, মাওলানা আবদু ছালাম। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।














