নারী ওয়ানডে বিশ্বকাপে একচেটিয়া রাজত্ব চলছে অস্ট্রেলিয়ার মেয়েদের। গতকাল রোববার এবারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল তারা। আসরের সবগুলো ম্যাচেই অপরাজিত ছিল দলটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ৪৩ ওভার ৪ বলে ২৮৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ইংলিশরা। ১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় স্কিভার তার ইনিংসটি সাজান। এছাড়া ট্যামি ব্যাওমন্ট ২৭, অধিনায়ক হ্যাথার নাইট ২৬ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং ও জেস জোনাসেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে তান্ডব চালান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার।
দুর্দান্ত এই ইনিংসে নতুন ইতিহাস লিখেন অস্ট্রেলিয়ান ব্যাটার। পুরুষ কিংবা নারী- যেকোনও বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ইনিংস খেলেছেন হিলি। এতদিন অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রান ছিল সর্বোচ্চ। সেটি আজ টপকে ১৭০ রানের বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়া নারী দলের ব্যাটার। হিলির রেকর্ড আছে আরও। টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই উইকেটকিপার নির্দিষ্ট কোনও বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। তার ওপেনিং পার্টনার র্যাচেল হায়নেসও খেলেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।












