নারী এশিয়ান কাপের মঞ্চে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শেষ হতে না হতেই দেশের নারী ফুটবলে বইছে বিদায়ের সুর। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪–০ গোলে হারের পর ডাগআউট ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আগামী এশিয়ান কাপের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বাটলার সরাসরি জানান, তিনি আর থাকছেন না। এই ব্রিটিশ কোচ বলেন, ‘আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। পরিবারের সঙ্গে সময় কাটাব এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করব। কারণ, প্রত্যাশা অনুযায়ী সাহায্য বা সাপোর্ট না পেলে দায়িত্ব চালিয়ে নেওয়া সম্ভব নয়।’ বাটলারের মতে, সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে লড়াই করতে হলে প্রস্তুতির ধরনে আমূল পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ‘সাফ লেভেলের চেয়ে এই আসরের মান অনেক উঁচুতে। আমাদের বিনিয়োগ বাড়াতে হবে; ভিডিও সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। আমি রূপকথার জগতে বাস করি না, আমি বাস্তববাদী। আমাদের পরিকল্পনায় অনেক ঘাটতি আছে।’ পিটার বাটলারের অধীনেই ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। এছাড়া মিয়ানমারে হওয়া এশিয়ান কাপের বাছাইপর্বে রুপনা–ঋতুপর্ণাদের মূল আসরে তোলার কারিগরও ছিলেন তিনি। বাফুফের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, সংবাদ সম্মেলনে তার কথাগুলো দায়িত্ব ছাড়ার চূড়ান্ত ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। টুর্নামেন্টের তিনটি ম্যাচেই হারলেও বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। তবে কোচের এমন আকস্মিক মন্তব্যে এখন দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।












