সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতির বক্তব্য দেন, মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি ফরিদা খানম। তিনি বলেন, গত বছরও রমজান মাসে শিশু আছিয়া হত্যার প্রতিবাদে আমরা প্রথমে রাজপথে নেমেছিলাম। নির্বাচিত সরকারের অধীনে নারী ও শিশুরা অধিক নিরাপদ হবে –এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দলীয় ছত্রছায়ায় অপরাধ, জুলুম ও নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে ১২ টি দাবি তুলে ধরেন। মানববন্ধনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সাংগঠনিক সম্পাদিকা উম্মে কানিজ জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা উম্মে ফাতেমা, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন এবং চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদিকা নাহিমা আকতার দীপা, শিশু বক্তা সামারা বিনতে নোমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











