নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

আন্তর্জাতিক নারী দিবসে আলোচনায় বক্তারা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৮মার্চ উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ওমর সানী আকন। আলোচক ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার এয়ার মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা মো. মোশারফ হোসেন মানিক, মো. শিহাব তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় নারী ট্রেড ইউনিয়ন কেন্দ্র : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নারী ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নগরীর কাজীর দেউড়ি মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমজীবী নারীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নারী অধিকার, নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানান। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সহসভাপতি রোজী চক্রবর্তীর সভাপতিত্বে এবং টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রামের ইনচার্জ জিনাত আরা, নারী নেত্রী যমুনা কূর্মী, সুপর্ণা বড়ুয়া, মোকাদ্দেসা খানম, প্রদীপ দাশ ও মো. মিজানুর রহমান। বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিন। কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা, সমান মজুরি ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার দাবি আজও সমানভাবে প্রাসঙ্গিক। শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের জন্য রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।বক্তারা সীতাকুণ্ডে সাত বছরের শিশু ইরা মণিকে ধর্ষণের পর হত্যাকাণ্ড এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা বিশ্বব্যাপী যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইরান ও ফিলিস্তিনে নারীশিশুসহ নিরীহ মানুষের ওপর হামলার বিচার দাবি করেন। শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলেদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বইমুখী করার ওপর গুরুত্বারোপ