নারীর এগিয়ে যাওয়ায় পরিবারের ভূমিকা প্রধান

চমেক অধ্যক্ষ ডা. সাহেনা

| সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছেন। অতীতেও কিন্তু একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারীর ক্ষমতায়নের কথা উনার মাথায় আসেনি। নারীরা আজ সরকারের বড় বড় দপ্তরে কাজ করছে। তারা স্বীয় মেধা, প্রজ্ঞার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে। নারীকে বাদ দিয়ে একটি দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। এটি আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করতে পেরেছেন বলে আমার মতো নারী চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হতে পেরেছি।
তিনি বলেন, কখনো ভাবিনি আমি মেডিকেল কলেজের অধ্যক্ষ হতে পারব। আমার মনে হয়, প্রধানমন্ত্রী অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য একজন নারী খুঁজছিলেন। আজকের দিনে নারীরা পুরুষের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। আমাদের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ৩০ শতাংশ নারী কোটা ছিল। আজকের দিনে কোনো ধরনের কোটা ছাড়াই ৭০ শতাংশ নারী মেডিকেলে পড়ছে। নারীর অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক।
ডা. সাহেনা বলেন, আরেকটি বিষয় বলতে হয়, নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। নিজের কথা বলতে হয়, আমরা থাকতাম ফৌজদারহাটে। সেখান থেকে প্রতিদিন বাসে চড়ে স্কুল-কলেজে গিয়েছি। আমাদের সময় সমাজ রক্ষণশীল ছিল। ৫ বোন ও ১ ভাইয়ের পরিবারে বাবা আমাদের প্রত্যেক বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তাই প্রত্যেক পরিবারকে অবশ্যই বিষয়টি মাথা রাখতে হবে। সুযোগ পেলে মেয়েরাও মেধার স্বাক্ষর রাখতে পারে। যেসব মেয়ে সুযোগ পেয়েছে তারা বারবার প্রমাণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায় উদ্যোগে আমার সংগ্রামী জীবন নিয়ে একটি অধ্যায় আছে
পরবর্তী নিবন্ধনারীদের আরো দক্ষ ও যোগ্য হতে হবে