সংসদে যাওয়ার সুযোগ পেলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়ন এবং নারীবান্ধব নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, রাজনীতি আমি সেবার মাধ্যম হিসেবে দেখি। নারীর অধিকার রক্ষা আমার কাছে কোনো স্লোগান নয়, এটি একটি দায়িত্ব।
তিনি গতকাল বৃহস্পতিবার, চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকার রঙ্গিপাড়া থেকে শুরু করে মুন্সিপাড়া, ব্যাংক কলোনি, রমনা,শ্যামলী, শান্তিবাগ, রহমানবাগ, বেপারী পাড়া, গুলবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এসময় নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য ও উন্নত সমাজ গঠনের পূর্বশর্ত বলে মন্তব্য করেন সাঈদ আল নোমান। তিনি বলেন, নারীরা নিরাপদ না হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। তাই নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো। গণসংযোগকালে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নারীর প্রতি সম্মান ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নারীবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে











