টেকনাফে নাফনদে মাছ ধরায় সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামের বাংলাদেশি এক জেলে আহত হয়েছে। আহত মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে। টেকনাফ স্থল বন্দর সংলগ্ন জালিয়ার দ্বীপের পাশে নাফনদের মিয়ানমার অংশে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানাযায়, বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদী জালিয়ার দ্বীপ এলাকায় কয়েকজন জেলে মাছ শিকার করতে যায়। নাফনদে নৌকা নিয়ে বিচরণ করতে দেখে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তাদের ছোঁড়া গুলিতে মোহাম্মদ ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়। এরপর তার সাথে থাকা অন্য জেলেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ৮ টার দিকে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে।
এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত স্বাস্থ্য সহকারী ডা. ইসকান্দর মির্জা গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কঙবাজার সদর হাসপাতালে রেফার করেন। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খাঁন বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে নাফ নদীতে জেলেদের মাছ শিকার নিষিদ্ধ করা রয়েছে। তারপরও স্থানীয় জেলেরা কেনো বা কিভাবে নাফনদীতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে।












