সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. সাখাওয়াত হোসেন (২)। গতকাল সোমবার দুপুরে সোনাকানিয়া ইউনিয়নের কালা মিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার মো. শোয়াইবের ছেলে।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন জানান, শিশু সাখাওয়াত হোসেন গত ৪–৫ দিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে শিশু সাখাওয়াত নানার বাড়ির উঠানে খেলা করছিল। এসময় সবার অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশু সাখাওয়াতকে উঠানে না দেখে মা ও নানার বাড়ির লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখে দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












