নাতনির ওজনের সমান কয়েন উপহার দিলেন নানা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

নানা আব্দুল কাদেরের শখ ছিল নাতনির বিয়েতে তার ওজনের সমান কয়েন উপহার দেবেন। কিন্তু বিয়ের সময় কয়েন সংগ্রহ করতে পারেননি। তাই বিয়ের দেড় বছর পর সেই শখ পুরণ করলেন তিনি। শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়ায় নিজ বাড়িতে অনুষ্ঠান করে আত্মীয়স্বজনদের দাওয়াত করে দাঁড়িপাল্লায় নাতনি নাঈমা খাতুনকে (২৩) তুলে সমান ওজনে ৭০ কেজি ৩০০ গ্রাম কয়েন উপহার দেন আব্দুল কাদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। খবর বিডিনিউজের।

আব্দুল কাদের বলেন, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর সেখানে জন্ম নেওয়া প্রথম সন্তানের জন্য এমন একটি ব্যতিক্রমী উপহার দেওয়ার ইচ্ছা ছিল তার এবং তার স্ত্রীর। সেই ইচ্ছা পূরণে তারা মাটির ব্যাংকে কয়েন জমাতে শুরু করেন। নাতনির বিয়ের সময় সেই পরিমাণ কয়েন জোগাড় করা সম্ভব হয়নি।

এ উপলক্ষে প্রায় দেড় বছর পর সেই শখ পূরণে শুক্রবার কাদের তার বাড়িতে আত্মীয়স্বজনদের দাওয়াত দেন। পরে গাছের সঙ্গে দাঁড়িপাল্লা বেঁধে এক পাশে নাতনি নাঈমা আর অন্য পাশে তার সমান ওজনের কয়েন উপহার দেন তিনি। এসব কয়েনের বেশিরভাগই পাঁচ টাকার। এ দৃশ্য দেখতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।

তিলে তিলে জমানো কয়েন নাতনিকে উপহার দিতে পেরে আনন্দ প্রকাশ করে আব্দুল কাদের বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর তার সন্তানের প্রতি ভালোবাসা থেকে এমন ইচ্ছা করেছিলেন তিনি ও তার স্ত্রী। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।

আর নানার কাছ থেকে এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত নাতনি নাঈমা। তিনি বলেন, ‘আমার নানানানির শখ ছিল উপহার দেওয়ার। নানি বেঁচে থাকলে আরও ভালো লাগত। নানির ইচ্ছে নানা পূরণ করেছেন।’

পূর্ববর্তী নিবন্ধবাসের বাক্সে ৫৫ ছাগলের মৃত্যু
পরবর্তী নিবন্ধত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা