নাইট গার্ডকে বেঁধে চার দোকানে লুট

রাউজানে দুর্বৃত্তের প্রহারে কর্মচারী আহত

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

রাউজানের ডাবুয়া জগৎনাথ বাজারে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত বাজারের দুই নৈশ প্রহরীকে বেঁধে চার দোকানের তালা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছে। ঘটনার সময় দোকানের এক কর্মচারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। এই ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে। নৈশ প্রহরী দিদারুল আলম বলেন, আমিসহ মমতাজ মিলে বাজারের পাহারায় ছিলাম। রাত আনুমানিক ৩টার দিকে পাঁচ সাতজনের একদল দুর্বৃত্ত হঠাৎ বাজারে এসে প্রথমে অস্ত্র প্রদর্শন করে আমাদের বেঁধে ফেলে এক জায়গায় বসিয়ে রাখে। তারপর তারা বাজারের সিরাজ চেয়ারম্যান, সুমন মল্লিক ও মামুনের মালিকানাধীন তিনটি মুদির দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন ধরনের মালামাল ও নগদ টাকা লুটে নেয়। পাশের টেইলার্স দোকানের এক কর্মচারী মোহাম্মদ বক্তেয়ার (১৬) দোকানের দরজা খুলে পালাতে চেষ্টা করলে তাকে দুর্বত্তরা মেরে আহত করে। বর্তমানে আহত কর্মচারী চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। বাজার কমিটির সভাপতি মেম্বার জাহাঙ্গীর ও সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন ঘটনা প্রসঙ্গে বলেন, আমাদের সন্দেহ ঘটনায় জড়িতরা ডাকাত দলের সদস্য। ভোরে মসজিদের ইমাম আজান দিতে এসে নৈশ প্রহরীদের দেখে বাঁধন খুলে দেয়। জানতে চাইলে থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জানা যায়, ওই বাজারের সিসিক্যামরা ছিল। তবে ক্যামরার তার ছিল বিছিন্ন।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৯১ নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত