নাইজেরিয়ায় ২শ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সামরিক বাহিনীকে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ দিতে সেখানে প্রায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা চালানোর আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করছে ওয়াশিংটন; মঙ্গলবার রয়টার্সকে এমনটি জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। খবর বিডিনিউজের।

গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা নাইজেরিয়ায় ছোট একটি সেনাদল পাঠিয়েছে। কিন্তু সেই দলে কতজন সেনা আছে তা পরিষ্কার করে জানায়নি। তবে আকাশপথে হামলা চালানোর পর নাইজেরিয়ায় মার্কিন স্থল সেনা পাঠানোর প্রথম স্বীকারোক্তি ছিল এটি। ওই কর্মকর্তা জানান, স্থানীয় বাহিনীগুলোকে সাহায্য করার জন্য ইতোমধ্যে কিছু মার্কিন সামরিক সদস্য নাইজেরিয়ায় আছেন আর নতুন করে যাদের পাঠানো হবে সেই ২০০ সেনা তাদের সঙ্গে যোগ দেবেন। কিন্তু বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ট্রাম্প অভিযোগ করেছিলেন, পশ্চিম আফ্রিকার এই দেশটি তাদের উত্তরপশ্চিমাঞ্চলে তৎপর ইসলামপন্থি জঙ্গিদের থেকে ওই অঞ্চলের খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি, প্রেম ও নির্বাচনের গল্প ‘ঢাকা ২৬’
পরবর্তী নিবন্ধজান্তার প্রাণঘাতী বিমান হামলা উপেক্ষা করছে বিশ্ব