বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মীর হাতে অপহৃত ২ যুবক ফিরেছে। গতকাল শনিবার সন্ধ্যায় অপহৃতরা ১১ দিন পর নিজবাড়িতে ফিরেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত ১৯ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারখুল সীমান্তের ৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে ফুলঝাড়ু কাটতে পাহাড়ে যান স্থানীয় দুই যুবক। এসময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ঐ যুবকদের অপহরণ করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অপহৃতদের মুক্তির দাবিতে গত ২৭ জানুয়ারি সীমান্ত এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এদিকে স্থানীয়দের দাবি এবং বিভিন্ন মহলে যোগাযোগের পর শনিবার ১১ দিন পর অপহৃত দুই যুবককে ছেড়ে দেবার পর তারা দেশে ফিরে এসেছেন। অপহৃতরা হলেন–নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারখুল এলাকার মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ শরিফ উদ্দিন (১৭) এবং স্থানীয় যুবক মোহাম্মদ সায়মন (২৮)।
শরীফ উদ্দিন বলেন, ধরে নিয়ে যাবার পর তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আরাকান আর্মী। হাত–পা বেঁধে ঘরের মধ্যে বন্দি করে রাখে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই যুবক নিরাপদে দেশে ফিরেছেন। শারীরিক চিকিৎসার জন্য পরিবার তাদের হাসপাতালে নিয়ে গেছেন।












